আগামী দু-একদিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে এবং চলতি অধিবেশনেই তা পাস হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আধুনিক যুগে পুরোনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই সময়োপযোগী নতুন আইন প্রণয়ন প্রয়োজন।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ নয়, মাদক প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। প্রয়োজন হলে মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনালও গঠন করা হবে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বর্তমানে সংস্থাটি অনেকটা ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’-এর মতো অবস্থায় রয়েছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই-মেইলে জানায়, ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে। সরকার মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে। তবে এখনো সেখান থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
ওসমান হাদী হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় জড়িত তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে। দেশটির আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা চলছে। অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় নথি ও গ্রেফতারি পরোয়ানা ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তাদের ফিরিয়ে আনতে পারলে অসম্পূর্ণ তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিজিবি প্রশংসনীয় ভূমিকা পালন করছে এবং যেসব এলাকায় পুশইনের চেষ্টা হচ্ছে, সেসব স্থানেই তা প্রতিহত করা হচ্ছে।
তিনি আরও জানান, কূটনৈতিকভাবে সংশ্লিষ্ট দেশকে অনুরোধ করা হয়েছে, সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারকে সরবরাহ করার জন্য।

ডেস্ক রিপোর্ট 






















