হযরত শাহজালাল (র.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে দানের অর্থের ব্যবস্থাপনা ও মাজারের সার্বিক কার্যক্রমের জন্য একটি কার্যকর কাঠামো প্রণয়নের সুপারিশ দেবে।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, মাজারের উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে দীর্ঘমেয়াদি ও যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বৈঠকে আর্থিক হিসাব-নিকাশে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সবাই একমত হয়েছেন।
মন্ত্রী জানান, গঠিত কমিটিতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার, দরগাহ মোতাওয়াল্লী পরিবারের দুইজন প্রতিনিধি এবং মাদরাসা ও মসজিদের দুইজন প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী এক মাসের মধ্যে কমিটি একাধিক বৈঠক করে দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাজার পরিচালনার জন্য একটি যৌক্তিক ও কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে। এর মাধ্যমে পুরো ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করাই হবে কমিটির প্রধান লক্ষ্য।

ডেস্ক রিপোর্ট 























