মিশরের বিপক্ষে ১–১ গোলে ড্র করার পর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের অধিনায়ক। ম্যাচ শেষে তিনি অভিযোগ করেন, পুরো টুর্নামেন্টজুড়ে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যাতে ইরান ভালোভাবে প্রস্তুতি নিতে না পারে। তার দাবি, “আয়োজকরা চায় আমরা বাদ পড়ি।”
তিনি বলেন, দলের অনেক কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। ফলে খেলোয়াড়দের বারবার সীমান্ত পেরিয়ে যাতায়াত করতে হয়েছে, যা বিশ্রাম, অনুশীলন ও ম্যাচ প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে।
ইরান অধিনায়ক আরও জানান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সমস্যার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। একই অভিযোগ করেন ইরানের প্রধান কোচও।
তার মতে, বিশ্বকাপে ইরানই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত ফিফা ইরান অধিনায়কের এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ডেস্ক রিপোর্ট 
























