মুসলিম পর্যটকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জাপান। শপিংমল, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রে বাড়ানো হচ্ছে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা।
জাপানে দিন দিন বাড়ছে মুসলিম পর্যটকের সংখ্যা। তাদের ধর্মীয় চাহিদার কথা বিবেচনায় নিয়ে দেশটির বিভিন্ন শপিংমল, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রে চালু করা হচ্ছে নামাজের জন্য আলাদা কক্ষ।
জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শুধু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তুরস্ক থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক জাপান ভ্রমণ করেছেন। মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের প্রচারণা, ইয়েনের দরপতন এবং সরাসরি ফ্লাইট বৃদ্ধির কারণে পর্যটকের সংখ্যা বেড়েছে।
এই বাড়তি চাহিদা মাথায় রেখে টোকিওর মাতসুয়া গিনজা ও শিবুয়া পারকো শপিং সেন্টারে নামাজের কক্ষ চালু করা হয়েছে। সেখানে রয়েছে নামাজ আদায়ের জায়গা, জায়নামাজ এবং অজুর ব্যবস্থা।
এ ছাড়া জাপানের বৃহত্তম শপিংমল অপারেটর এইয়ন মল দেশটির সাতটি শপিংমলে নামাজ কক্ষ চালু করেছে। ভবিষ্যতে আরও মলে এই সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
শুধু শপিংমল নয়, নারিতা ও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর, কিয়োটো টাওয়ার, চিবা ও ওসাকার বিভিন্ন পর্যটনকেন্দ্রেও রাখা হয়েছে নামাজের ব্যবস্থা।
বিশ্লেষকদের মতে, হালাল খাবার, নামাজের কক্ষ এবং প্রযুক্তিনির্ভর সেবার সমন্বয়ে জাপান দ্রুতই মুসলিমবান্ধব ভ্রমণগন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

ডেস্ক রিপোর্ট 





















