ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে দেশটির সরকার।
ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাঠানো তার প্রত্যর্পণ অনুরোধও দেশটির আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
সম্প্রতি শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার সম্ভাবনার কথা জানান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে।
‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে ভারতের সংসদীয় কমিটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে বেশ কিছু সুপারিশ করেছে। কমিটি বলেছে, সংবেদনশীল পরিস্থিতিতে ভারতকে মানবিক ও নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে বিষয়গুলো মোকাবিলা করতে হবে।
এ ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশও করেছে কমিটি। তাদের মতে, ভিসা সীমাবদ্ধতার কারণে দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব পড়ছে।
প্রতিবেদনে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে ভারতের সংসদীয় কমিটি।
কমিটি বলেছে, জলবায়ু পরিবর্তন, পানিপ্রবাহের বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর মতামত বিবেচনায় নিয়ে নতুন চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া প্রয়োজন।

ডেস্ক রিপোর্ট 





















