পথকুকুরের উৎপাত চরমে পৌঁছেছে, অথচ প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কোনো প্রতিকার ! আর এই চরম উদাসীনতার প্রতিবাদে এবার সরকারি কর্মকর্তার টেবিলে জীবন্ত কুকুর ছেড়ে দিয়ে এক নজিরবিহীন ও অভিনব প্রতিবাদ জানালেন ভারতের শিবসেনার (ইউবিটি) যুব শাখার কর্মীরা । ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার নিফাদ নগর পঞ্চায়েত অফিসে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় এলাকায় দীর্ঘদিন ধরে পথকুকুরের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়তে থাকলেও নিফাদ নগর পঞ্চায়েত প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি । এই প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতেই শিবসেনার যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভের নেতৃত্বে একদল কর্মী সরাসরি প্রধান প্রশাসনিক কর্মকর্তা ধীরজ ভামরের অফিসে চড়াও হন ।
ভাইরাল হওয়া সিসিটিভি ও মোবাইল ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ আন্দোলনকারীরা বস্তা বন্দী করে কয়েকটি পথকুকুর নিয়ে সরাসরি কর্মকর্তার চেম্বারে ঢুকে পড়েন । এরপর বিক্রম রনধাভে নিজেই একটি বস্তার মুখ খুলে একটি ছোট কুকুরকে সোজা কর্মকর্তা ধীরজ ভামরের টেবিলের ওপর ছেড়ে দেন। আচমকা সরকারি টেবিলে জীবন্ত কুকুর দেখে চরম চমকে যান ওই কর্মকর্তা এবং আতঙ্কিত হয়ে দ্রুত নিজের চেয়ার ছেড়ে পাশে সরে যান ।
ভিডিওতে আরও দেখা যায়, বস্তার অন্ধকার থেকে মুক্ত হয়ে আতঙ্কিত প্রথম কুকুরটি টেবিল থেকে নেমে অফিসের এক কোণে গিয়ে আশ্রয় নেয় । এর কয়েক সেকেন্ড পরই আন্দোলনকারীরা বস্তা থেকে আরও একটি কুকুর বের করে টেবিলের ওপর ছেড়ে দিলে সেটি হেঁটে গিয়ে কর্মকর্তার পাশের একটি চেয়ারে বসে পড়ে । এই নজিরবিহীন কাণ্ড চলাকালীন কর্মকর্তা ধীরজ ভামরের সঙ্গে প্রতিবাদকারীদের তীব্র কথা-কাটাকাটি ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এদিকে সরকারি অফিসে এভাবে কুকুর ছেড়ে প্রতিবাদের ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে । একদিকে ভুক্তভোগী সাধারণ মানুষ এই প্রতিবাদকে সমর্থন জানালেও, পশুপ্ৰেমী ও বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থা এভাবে বস্তায় কুকুর আটকে রেখে হেনস্তা করার তীব্র সমালোচনা করেছে ।

ডেস্ক রিপোর্ট 






















