হবিগঞ্জে হামলায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর এক চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদে প্রতীকীভাবে চোখে ব্যান্ডেজ বেঁধে আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বক্তব্যে তিনি বলেন, “ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না; সংস্কার ও বিচার-দুটিই হবে।”
ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে জানান, নাসীরুদ্দীন। তিনি বলেন, বড় জেল, ছোট জেল কিংবা কবরের ভয় দেখিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না। লড়াই চলবে, সংস্কার হবে এবং বিচারও হবে।
তিনি বলেন ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দিবে, নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কী আলিফের সেই কান্নাটা দেখত না। আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি বিএনপির বিরোধিতা করতে রাজনীতিতে নামেননি। যাত্রাবাড়ীতে শহীদ পরিবারের একটি অনুষ্ঠানে গিয়ে এক শহীদের বাবার বক্তব্য শোনার পর একটি বিষয় নিয়ে কথা বলা শুরু করেন। তাঁর দাবি, ওই শহীদ পরিবারের সদস্য অভিযোগ করেছেন, নির্দিষ্ট একটি দলের ‘শহীদ’ হিসেবে নাম অন্তর্ভুক্ত করার জন্য তাঁকে ১০ লাখ টাকা প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, পরে একটি রাজনৈতিক দল তাদের দলীয় শহীদের তালিকা প্রকাশ করে।
তাঁর ভাষ্য, যারা বাংলাদেশের শহীদদের দলীয় সম্পদে পরিণত করতে চায়, তারা শহীদদের আদর্শ কিংবা জুলাই সনদ—কোনোটিই ধারণ করে না।নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার পরিবর্তে তাঁদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। তিনি সরকারের কাছে আহতদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এস আলমের পেছনে ঘোরাঘুরি না করে আহত ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুন।’
‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই প্রতীকী প্রতিবাদ জানান।

ডেস্ক রিপোর্ট 


















