রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে যুক্ত একটি ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকের এ ঘটনায় অন্তত সাতজন জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরে ধীরে চলার সময় কয়েকজন যুবক ওয়াগন থেকে তেল নামাচ্ছেন। জগ দিয়ে তেল তুলে জারে ভরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তিন মিনিটের যাত্রাবিরতির মধ্যে তেল চুরি শুরু হয়। ট্রেন চলন্ত অবস্থায়ও তেল নিয়ে নামতে দেখা যায়। তবে কতটুকু তেল চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ার কারে তেল দেওয়ার জন্য ওয়াগনগুলো আনা হয়েছিল। তেল দেওয়া শেষে দুটি ওয়াগন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনে যুক্ত করা হয়। পরে সেগুলো ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকাল ট্রেন হওয়ায় ট্রেনটি হরিয়ান স্টেশনে যাত্রাবিরতি দেয়।
হরিয়ান স্টেশন এলাকার বাসিন্দারা বলছেন, তেল চুরির ঘটনা সেখানে নতুন নয়। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই স্টেশন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। হরিয়ানা বাজারের হায়দার আলী নামের এক ব্যক্তি চুরি করা তেল কেনেন বলেও তাঁরা অভিযোগ করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ‘আইনগত পদক্ষেপ বলতে ফোর্স পার্টি পাঠিয়েছিলাম, তাঁদের ধরতে পারেনি। ভিডিওটা দেখেছি, তাঁদের চেনা যাচ্ছে। এ বিষয়ে মামলা হবে। তাঁদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

ডেস্ক রিপোর্ট 


















