ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ হাভিয়ের গঞ্জালেস। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট না পাওয়ায় এখনই ডাগআউটে দেখা যাবে না তাকে।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন গঞ্জালেস। ততদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দল সামলাবেন গিয়ের্মো হোয়োস। গঞ্জালেস ও তার কোচিং স্টাফ দলের সঙ্গে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন।
কোচ হিসেবে গঞ্জালেসের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। রোজারিও সেন্ট্রাল, উনিওন সান্তা ফে ও প্লাতেন্সের মতো আর্জেন্টাইন ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবনেও ইউরোপের বড় মঞ্চে খেলেছেন। রোজারিও সেন্ট্রালের হয়ে ১৯৯৩ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর ভ্যালেন্সিয়া ও জারাগোসার হয়ে স্প্যানিশ লা লিগা এবং ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরি ‘আ’তে খেলেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও খেলেছেন গঞ্জালেস। ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচে তার সতীর্থ ছিলেন লিওনেল মেসি। এবার সেই মেসিকেই কোচিং করানোর অপেক্ষায় তিনি।
গঞ্জালেস দায়িত্ব নিলে হোয়োসের প্রায় দেড় বছরের অধ্যায়েরও ইতি ঘটবে। গত বছরের এপ্রিলে হাভিয়ের মাশচেরানো বিদায় নেওয়ার পর প্রথমে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান হোয়োস। এর আগে তিনি ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। পরে বিশ্বকাপের পর তাকে স্থায়ী কোচের দায়িত্ব দেওয়া হয়।
তবে মায়ামির ডাগআউটে হোয়োসের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম আট ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ২৪ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট অর্জন করে দলটি। ওই সময়ে ২৬ গোলও করে মায়ামি। ক্লাবটির এমএলএস ইতিহাসে কোনো কোচের প্রথম আট ম্যাচে এটিই ছিল সবচেয়ে সফল সূচনা।

ডেস্ক রিপোর্ট 
























