নতুন আঞ্চলিক সমঝোতা ও উদ্যোগ মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন অধ্যায়ের’ সূচনা করতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আজ শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গালিবাফ মনে করেন, মুসলিম প্রতিবেশী দেশগুলো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের সক্ষমতার ওপর আস্থা রেখে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বকে অগ্রাধিকার দিতে পারে।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখিয়েছে, বিদেশি শক্তিগুলো মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয় এবং তারা তা করতেও আগ্রহী নয়।
গালিবাফের মতে, এই অঞ্চলের বাইরের শক্তির উপস্থিতি ও হস্তক্ষেপের ওপর নির্ভরশীল নিরাপত্তাব্যবস্থা ‘ভঙ্গুর ও নির্ভরশীল’। বিপরীতে, আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে।
ইরানের অভ্যন্তরীণ ঐক্যের বিষয়েও কথা বলেন গালিবাফ। তিনি বলেন, ইরানে শিয়া ও সুন্নি মুসলমানদের ঐক্য কোনো আনুষ্ঠানিক স্লোগান নয়। এটি দেশের শক্তির অন্যতম ভিত্তি এবং নিরাপত্তা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পদ।
সূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট 



















