এবার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার মান রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই শিক্ষার ফলাফলে দৃশ্যমান উন্নতি আনা সম্ভব। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বিদ্যালয়ে কোনো অনিয়ম বা ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল উপস্থিতি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনাও কঠোরভাবে মেনে চলতে হবে।
বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হবে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া ও তুলনামূলক কম মেধাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে হবে।
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অশ্লীল অপপ্রচারের নিন্দা জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের রাজনীতি করার স্বাধীনতা থাকলেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় দল–মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলার প্রসারে গুরুত্ব দিয়ে তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ সময় তিনি আগামী ১০ অক্টোবর থেকে লালমনিরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেন।
সবশেষে সুন্দর, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে এবং জেলার শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থা কাটিয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। মতবিনিময় সভায় জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীনের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মননীতা দাসসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















