‘চাঁদ আমাদের’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে চাঁদের ছবি ও মার্কিন পতাকা সংবলিত একটি পোস্ট প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে লেখা ছিল, ‘দ্য মুন ইজ আওয়ার্স’, যার অর্থ ‘চাঁদ আমাদের’। ট্রাম্পের এই পোস্ট প্রকাশের পরই এর অর্থ ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছেন। চাঁদের পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়েও যুক্তরাষ্ট্রের মালিকানার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি।
তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী চাঁদ কোনো দেশের মালিকানাধীন নয়। আন্তর্জাতিক মহাকাশ আইন কোনো দেশকে চাঁদ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুর ওপর সার্বভৌমত্ব দাবি করার সুযোগ দেয় না। এ কারণে ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ বক্তব্যটি বাস্তব মালিকানার দাবি, নাকি রাজনৈতিক বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ট্রাম্পের এই পোস্ট এমন এক সময়ে সামনে এলো, যখন তাঁর প্রশাসনের বিভিন্ন স্থান ও ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক চলছে। এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। কানাডার সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের সময় লেক ওন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
এবার সেই বিতর্কের সাথে যুক্ত হলো চাঁদ নিয়ে ট্রাম্পের মন্তব্য। একই সময়ে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। ট্রাম্পের দাবি, অনেকেই তাঁকে এমন নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তাঁর ভাষ্য, অঙ্গরাজ্যটির নাম নিয়ে কোনো বিতর্ক নেই। এমনকি ‘নিউ মেক্সিকো’ নামটি যুক্তরাষ্ট্রের অস্তিত্বেরও আগের। ট্রাম্পের ধারাবাহিক নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। নিউ মেক্সিকোর গভর্নরের মতে, এ ধরনের প্রস্তাবের মাধ্যমে মার্কিন নাগরিকদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধির মতো বিষয়ও রয়েছে।
এর আগে হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ করার প্রস্তাবও দিয়েছিলেন ট্রাম্প। পরে অবশ্য এ বিষয়ে তিনি কতটা গুরুত্ব দিয়ে এগোচ্ছেন, তা নিয়েও প্রশ্ন ওঠে। সব মিলিয়ে ‘চাঁদ আমাদের’ পোস্টটি এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে না। ট্রাম্পের রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 

















