সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেছেন। আক্রমনাত্মক ওই পাইলট বিমানটিকে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যাত্রীরা একটি ‘বড় ধরনের বিপর্যয় রোধ করেছেন’। এ সময় যাত্রীদের ‘বীর’ বলে আখ্যা দেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্লাইট চলাকালীন বিমানটি যখন দেশের (ইসরায়েল) কাছাকাছি পৌঁছায়, তখন একজন পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন এবং দৃশ্যত যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন।’
এয়ারলাইনটির তথ্যমতে, বুধবার উড্ডয়নের পরপরই বিমানটি থেকে একটি জরুরি সতর্কতা পাঠানো হয়। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানের সকল যাত্রী নিরাপদে আছেন।
তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অবস্থায় পাইলট ও কো-পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরও জানায়, একটি বিকল্প বিমানের ব্যবস্থা করতে ফ্লাইদুবাইয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
ফ্লাইট-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এটি ছিল একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ। ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুসারে, ফ্লাইট চলাকালীন বিমানটি হঠাৎ উচ্চতা হারাতে শুরু করে। এটি এক মিনিটের মধ্যে প্রায় ৩৪ জাহাজ ফুট থেকে নেমে ১৭ হাজার ফুটের নিচে চলে আসে।
ইসরায়েল জানিয়েছে, সৌদি আরব থেকে ইসরায়েলি যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
বিমানের যাত্রীরা ফোনে ইসরায়েলের চ্যানেল ১২-কে জানান, তারা বিমানের সামনের দিক থেকে চিৎকারের শব্দ এবং পাইলটদের মধ্যে ঝগড়া শুনতে পান। জরুরি অবতরণের আগে বিমানটি খাড়াভাবে নিচে নেমে যায় বলেও জানান তারা।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত সব যাত্রী বিমানের ভেতরেই অবস্থান করছিলেন। চারপাশে ছিল সৌদি নিরাপত্তা বাহিনীর কড়া উপস্থিতি।

ডেস্ক রিপোর্ট 


















