এবার রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর (৬৬) বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম মিসেস হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের ২য় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএসের একটি বাসায় থাকেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম মহিউদ্দিন চৌধুরী ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর–১৪, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬–এর ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
মামলায় হামলা, অনধিকার প্রবেশ, মারধর, গুরুতর জখম, ভাঙচুর, চুরি এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগের ধারা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডেস্ক রিপোর্ট 























