রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় মস্কো অয়েল রিফাইনারির একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাশিয়ার বিভিন্ন এলাকায় ১ হাজার ৬০০টির বেশি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫০টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানান তিনি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, পৃথক দুটি ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ছাড়া একটি ড্রোন ২১ তলা একটি আবাসিক ভবনে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। পরে প্রায় ৪০০ বাসিন্দাকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়।

সোবিয়ানিন আরও জানান, মস্কো অয়েল রিফাইনারির একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এই হামলা চালানো হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেছেন, নির্বাচন ব্যাহত করার লক্ষ্যেই হামলাটি চালানো হয়েছে। তবে তার দাবি, সেই প্রচেষ্টা সফল হয়নি।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় রাশিয়া ১৩৮টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১০১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দুই দেশের পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত রয়েছে।