যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির প্রতিশ্রুতি পূরণ এবং ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে তেহরান।
রোববার (২০ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টে দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ ঘোষণা দেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গালিবাফ বলেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এবং ইরানের বৈধ অধিকার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ বন্ধ—এ বিষয়টি প্রতিপক্ষও জানে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালায়। এরপর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।
পরে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হয়। এতে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচলের ব্যবস্থা করার কথা ছিল। তবে জাহাজ চলাচল ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতবিরোধের জেরে পরবর্তী সময়ে সেই চুক্তি ভেঙে যায়।
ফলে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
