ঢাকা: কুমিল্লায় ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা ও লেখক মিজানুর রহমান আজহারী।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন করেন, ‘বিষাক্ত এ সমাজে আমাদের সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিন দিন হারিয়ে যাচ্ছে?’

আজহারী লেখেন, এমন এক নির্মমতার মুখোমুখি আমরা, যেখানে শিশুদের সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব হোক সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।