হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহ চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তারা জানতেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা দুজন একসঙ্গে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ইব্রাহিম খলিলের দুই শিশু কন্যা ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) পরিবারের সদস্যদের সঙ্গে থানায় উপস্থিত হন।
মরিয়ম বেগমের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, বাড়ি থেকে যাওয়ার সময় তার পুত্রবধূ স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
