কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর সামনে এসেছে সিসিটিভি ফুটেজের তথ্য। নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরে রাতে তার পরিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজে তুহিন নামের স্থানীয় এক যুবককে অপ্রতিমের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
