ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী এবং পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামক স্থান থেকে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন ও নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।
অন্যদিকে, শনিবার ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করে মহিপুর থানা-পুলিশ। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারের পর সাদ্দাম সিকদারকে আদালতে পাঠানো হয়েছে।

