গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় অর্থায়নের অভিযোগে জেলার প্রায় দুই লাখ মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিকাশ, নগদ ও রকেটের মতো সেবা ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। বিশেষ করে গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা হলেও যারা জেলার বাইরে বসবাস করেন, তারাও এই সমস্যার মুখে পড়েছেন।

গ্রাহকদের অভিগোপালগঞ্জের প্রায় ২ লাখ নম্বরে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, বিপাকে প্রবাসী ও জেলার বাইরের গ্রাহকরা

যোগ, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মোবাইলে সেবা সাময়িক বন্ধ বা বিঘ্নিত হওয়ার বার্তা পাঠানো হয়েছে। ফলে দৈনন্দিন লেনদেন, পরিবারের কাছে টাকা পাঠানো ও মোবাইল রিচার্জসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়ছেন তারা। অনেকের অ্যাকাউন্টে টাকা থাকলেও তা ব্যবহার করতে পারছেন না।

ঢাকায় বসবাসকারী গোপালগঞ্জের এক নারী জানান, তিনি নিয়মিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাড়িতে থাকা মায়ের কাছে টাকা পাঠান। কিন্তু সেবা বন্ধ থাকায় এখন সেই সুবিধা পাচ্ছেন না। তার একটি অ্যাকাউন্টে প্রায় পাঁচ হাজার টাকা থাকলেও তা ব্যবহার করতে পারছেন না।

জানা গেছে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব হামলা ও অগ্নিসংযোগে উসকানি এবং অর্থায়নের অভিযোগের পর গত বুধবার গোপালগঞ্জে এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সূত্রের বরাতে জানা গেছে, প্রায় দুই লাখ নম্বরে আর্থিক সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জেলার সব গ্রাহকের সেবা বন্ধ করা হয়নি। কারও একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বন্ধ থাকলেও অন্য প্রতিষ্ঠানের সেবা চালু রয়েছে।

গোপালগঞ্জের স্থায়ী ঠিকানা রয়েছে এমন ২২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে ১৩ জন এমএফএস সেবা বন্ধ থাকার কথা জানিয়েছেন। ভুক্তভোগীদের একজন রাকিবুল ইসলাম ঢাকায় বসবাস করেন। গত ২৫ নভেম্বর নিজের বিকাশ ও নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে প্রথমে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা করেছিলেন তিনি। পরে সেবাদানকারী প্রতিষ্ঠানের বার্তা থেকে জানতে পারেন, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তার অ্যাকাউন্টের সেবা বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ২১ লাখ। ওই মাসে এসব সেবার মাধ্যমে মোট ২ লাখ ১৩ হাজার ৫৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

এমএফএস বিধিমালা-২০২২ অনুযায়ী, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনা মেনে চলতে হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তার স্বার্থে সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও জেলার বাইরে বসবাসকারী সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি তৈরি হয়েছে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর এক কর্মকর্তাও জানিয়েছেন, এ কারণে প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং জেলার বাইরে থাকা গ্রাহকদের কাছ থেকেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

সূত্র: প্রথম আলো