মা কারাগারে, আর অসুস্থ সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছিল বাইরে। মায়ের সান্নিধ্যে ফেরার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হলো না। মায়ের সঙ্গে শেষ দেখার অপেক্ষায় থাকা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

তূর্যের মৃত্যুর আগে মায়ের সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু কারাগারের দূরত্বসহ নানা জটিলতায় সেই সুযোগ আর হয়ে ওঠেনি। তূর্যের মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

বর্তমানে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। মায়ের প্যারোলে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত না এলে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বজনরা। তবে সাপ্তাহিক ছুটির কারণে প্যারোলের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে গত ৬ অক্টোবর কারাগারে মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের চিকিৎসা, ওষুধের সংকট এবং অসমাপ্ত অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। একই সঙ্গে অসুস্থ বড় ভাইয়ের দেখভালের দায়িত্ব ছোট বোন তূর্নির ওপর পড়ার বিষয়টিও আলোচনায় আসে। পারিবারিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে থাকত।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটকের আগে কয়েক দিন ধরে নিজ বাসায় ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন সুলতানা ও তার আইনজীবী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট পরিস্থিতি রাজনৈতিক রূপ নেয় বলেও অভিযোগ রয়েছে।

মায়ের গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভাল নিয়ে শারমিন সুলতানার আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই তূর্যের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও আবেগের সৃষ্টি করেছে।