সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে অনেকটাই সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, নির্ধারিত দিন যত ঘনিয়ে আসছে, এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যেও পরিবর্তন দেখা যাচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। তাঁর ভাষ্য, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, ততই এ বিষয়ে বিভিন্নজনের বক্তব্যের সুর পরিবর্তন হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক ফেসবুক লাইভের অডিও বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, সেখানে শেখ হাসিনা নিজের প্রস্তুতির কথা জানালেও ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কোনো স্পষ্ট ঘোষণা দেননি। বরং সুযোগ পেলে দেশে আসার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তিনি ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেন রাশেদ খান।

এদিকে দেশে বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এসব কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, নতুন করে জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এ প্রসঙ্গে বাগেরহাটবাসীর প্রতিরোধের কথাও উল্লেখ করেন তিনি।