ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা থেকে দেশের মানুষকে রক্ষার জন্য দোয়া চেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ভারতের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলীর কাছে এ দোয়া চান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এক ইসলামি মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন এমপি বাবুল।
মাহফিলে উপস্থিত ভারতীয় বক্তাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘হুজুর, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। আপনি তো আমাদের মেহমান। ওইখানে তাদের জন্য একটু দোয়া করেন, যাতে অশান্তি তৈরি না করে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন শান্তিতে আছি, শুকরিয়া। তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে তাদের হেফাজত করেন, তারা যেন আমাদের অশান্তি তৈরি না করে।’
বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে এমপি বাবুল বলেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এরপরও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তাদের হেদায়েতের জন্য দোয়া করার আহ্বান জানান ভারতীয় এই ইসলামি বক্তাকে।
এ সময় তাঁর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্যও উঠে আসে। ভারতের বক্তার কাছে ‘ওই পাশে’ থাকা ব্যক্তিদের জন্য দোয়া চাওয়ার মধ্য দিয়ে দেশটির অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

