রাজনৈতিক মতাদর্শ ও দলীয় পরিচয় ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিত্ব, বিনয়, নম্রতা ও মানুষের প্রতি আন্তরিকতার প্রশংসা করে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমিরকে নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া একটি বক্তব্যের ভিডিও শেয়ার করে এসব কথা জানান মীর স্নিগ্ধ। সেখানে তিনি স্পষ্ট করেন, বিএনপিতে যোগ দেওয়ার অর্থ এই নয় যে তিনি জামায়াতে ইসলামী কিংবা দলটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে অসম্মান করেন।
ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ লেখেন, অনেকেই মনে করেন, তিনি বিএনপিতে যোগ দিয়েছেন মানেই জামায়াতে ইসলামীকে কিংবা দলটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছুকে ঘৃণা করেন। বিএনপিতে যোগ দেওয়ার পর জামায়াতের কিছু সমর্থকের কাছ থেকে ব্যক্তিগত আক্রমণের শিকারও হয়েছেন তিনি। তবে জামায়াতে ইসলামী ও দলটির সম্মানিত আমিরকে তিনি সব সময় শ্রদ্ধা করেন এবং ভবিষ্যতেও করবেন।
ডা. শফিকুর রহমানের ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি লেখেন, তাঁর বিনয়, নম্রতা এবং মানুষের প্রতি আন্তরিকতা যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করবে। জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে যাঁরা শহীদ পরিবারের সদস্য ও আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের তালিকার প্রথম দিকেই জামায়াত আমিরের নাম থাকবে বলে বিশ্বাস করেন তিনি।
মীর স্নিগ্ধ আরও বলেন, জুলাইয়ে এত মানুষের প্রাণের বিনিময়েও যদি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে ভবিষ্যতে এ দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সম্ভব হবে কি না, তা নিয়ে তাঁর সংশয় রয়েছে।
রাজনৈতিক সহনশীলতার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, বিএনপিকে ভালোবাসলে জামায়াতকে ঘৃণা করতে হবে, কিংবা জামায়াতকে সমর্থন করলে বিএনপিকে ঘৃণা করতে হবে—এমন মানসিকতা থেকে বেরিয়ে আসাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শিক ভিন্নতা থাকতেই পারে। একে অপরের রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনাও করা যাবে। তবে তা যেন কখনো ব্যক্তিগত বিদ্বেষ, ঘৃণা কিংবা অসম্মানের কারণ না হয়।
পোস্টের শেষাংশে তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌজন্য ও মানবিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর ভাষায়, জুলাই গণ-অভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখায়নি, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার দায়িত্বও দিয়ে গেছে।
উল্লেখ্য, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও গভর্নিং বডির সদস্য এবং বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

