ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
দলীয় সূত্র জানিয়েছে, সফরের জন্য ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ইতোমধ্যে ভিসার আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে এখনো ভিসা হাতে না পাওয়ায় বিমানের টিকিট কাটা হয়নি। ফলে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন, সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন করা হচ্ছে। ভিসা পাওয়ার পরই সফরের বিস্তারিত সূচি নির্ধারণ করা হবে।
শুধু নাসীরুদ্দীন পাটওয়ারীই নন, একই অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যেরও ওই সফরে অংশ নেওয়ার কথা রয়েছে।
এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, প্রয়াত ইরানি নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, এ সফর বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এনসিপিরও ইরানের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হবে।
এখন ভিসা প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত হবে সফরের দিনক্ষণ। এরপরই ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বাংলাদেশের প্রতিনিধিরা।

ডেস্ক রিপোর্ট 





















