আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তার দাবি, জুলাই গণহত্যার দায়ে দলটি রাজনৈতিক, সামাজিক ও নৈতিকভাবে চূড়ান্ত পরাজিত হয়েছে এবং তাদের পুনর্বাসনের আর সুযোগ নেই।
শনিবার (১ আগস্ট) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের পথ ছেড়ে ফ্যাসিবাদের দিকে এগিয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এবং ব্যক্তি পূজার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। তার ভাষ্য, জুলাই গণহত্যার পর দলটি আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতা হারিয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আড়ালে চলে গেলেও প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। তাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্তি তৈরি হলে আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল। পরে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির দল বিজয়ী হয়।

ডেস্ক রিপোর্ট 





















