নানার বাড়িতে বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরের পাশে খেলতে গেলে পা পিছলে পরে মারা গেছে তিন বছরের আয়েশা আক্তার ও পাঁচ বছরের সাউদা আক্তার নামে দুই শিশু।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাউদা আক্তার ওই গ্রামের জাহিদ হাসানের মেয়ে। আর আয়েশা আক্তার জেলার ঢোলারহাট পুরাতন ঠাকুরগাঁওয়ের আহসান হাবীবের মেয়ে।
স্থানীয়রা জানান, আয়েশা আক্তার গত কাল নানার বাড়ি বেড়াতে আসে। এরপর আজ আয়েশা তার মামাতো বোন সাউদার সাথে বাড়ির পাশের পুকুরে খেলতে যায়। পরে তাদের অনেকক্ষণ না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করলে বাসার পাশের পুকুরে আয়েশার লাশ দেখতে পায়। পরে সাউদাকে না পেয়ে পুকুরে খুঁজলে তার লাশ পাওয়া যায় পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 

























