এবার বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক বা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, কোনোটাই চাই না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়। বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়? প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর ভারত কীভাবে নিয়েছে, সেটা তাদের কর্মকাণ্ডে নজর দিলেই সবাই বুঝতে পারবে।
বাজেট নিয়ে তিনি বলেন, সরকারের দেওয়া বাজেটকে বিরোধী দলও গ্রহণ করেছে। তাই এ বাজেট বাস্তবায়নে দল–মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে সংসদের ভেতরে–বাইরে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ করেন নূরুল ইসলাম।
জুলাই স্মৃতি জাদুঘর কবে খুলে দেওয়া হবে জানতে চাইলে চিফ হুইপ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিস্তা মহাপরিকল্পনাকে দেশ বাঁচানোর প্রকল্প আখ্যা দিয়ে চিফ হুইপ বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পায়। সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট 




















