বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে। রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ঘোনা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করে। একইভাবে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেঁড়াগাছি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এ ছাড়া মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
বিজিবি আরও জানায়, অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে সীমান্তে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 


















