যশোরে ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শনিবার (১ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
আরাফাত হোসেন রাব্বি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার উদ্দেশ্যে চৌগাছায় আসার পথে ভুক্তভোগী কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নেন অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার একটি বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি তার বাবা-মাকে জানান। পরে শনিবার রাতে ভুক্তভোগীর মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।

ডেস্ক রিপোর্ট 


















