ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাককে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে ট্রাকটি থেকে উদ্ধার করা হয় ভারতীয় উন্নতমানের ১৩৭টি কম্বল, ১ হাজার ৫৬৯ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস, ১৮ হাজার ২৪৩ পিস চকলেট এবং ৮ হাজার ৪৫০টি উন্নতমানের সানগ্লাস। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা। আটক মালামাল ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
এদিকে, সরাইল ব্যাটালিয়নের আওতাধীন অন্যান্য সীমান্ত ফাঁড়িতেও পৃথক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১০ কেজি গাঁজা, ২৮ বোতল বিদেশি মদ এবং ৫৭ বোতল বিয়ার জব্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য আটক করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 
























