আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে নির্বাচনের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনের সময় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে।
জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

