আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ভোটারের সংখ্যা বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। ফলে এখন দেশের মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আসন্ন ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, এবং এ তালিকাই জাতীয় নির্বাচনে ব্যবহৃত হবে। চূড়ান্ত প্রকাশের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন, এবং হিজড়া ১ হাজার ২৩০ জন।
এক বছরের মধ্যে এটি তৃতীয়বারের মতো ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। কমিশনের ভাষ্য, এই হালনাগাদ প্রক্রিয়াই আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ।

