এবার রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৩ জুন) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাকে (আনিসুর রহমান) গতকাল রাতে ফোনে পাওয়া যায়নি। এখন তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা সেটি দেখছি।
তিনি বলেন, ‘একটা আইন আছে, যেখানে বাবা–মায়ের ভরণ–পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’ এছাড়া একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও খতিয়ে দেখে তা অ্যাড্রেস করা হবে বলে তিনি জানান। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে যুগ্মসচিব আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তিনি বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে প্রাক্কলিত দায়িত্বে রয়েছেন। এর আগে, রবিবার মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচা–গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ডেস্ক রিপোর্ট 























