বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচকে সামনে রেখে দুশ্চিন্তায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে উইঙ্গার রাফিনহার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান বার্সেলোনার এই তারকা। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। নকআউট পর্বের ম্যাচের আগে টানা তিন দিন দলের মূল অনুশীলনে অংশ নেননি রাফিনহা।
বুধবার ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরলেও পুরো সেশন শেষ করতে পারেননি তিনি। ফলে শেষ ষোলোর ম্যাচে তার ফিটনেস নিয়ে এখনো শঙ্কা কাটেনি। ব্রাজিলের কোচিং স্টাফ ও মেডিকেল টিম নিবিড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
ব্রাজিলের গণমাধ্যমের খবর, নরওয়ের বিপক্ষে রাফিনহাকে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে। সামান্যতম ঝুঁকিও নিতে চাইছে না দল।
এদিকে, মঙ্গলবারের অনুশীলনে ছিলেন না তরুণ ফুটবলার রায়ান। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, এটি কোনো চোটের কারণে নয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অন্যদিকে মিডফিল্ডার লুকাস পাকেতাও এখনো পুরোপুরি সুস্থ নন। জাপানের বিপক্ষে ম্যাচে উরুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। কবে নাগাদ তিনি দলে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

ডেস্ক রিপোর্ট 




















