জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে তা নাকচ করে দেন আদালত।
রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে।
২০২৫ সালের ২ মে দায়ের করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়।
এর আগে, ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।
এ ছাড়া ১৫ জন সাংবাদিক, ১৩ জন শিক্ষকসহ ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও মামলায় আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ সাংবাদিকদের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুন।
জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া অপর একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
তবে শুনানি শেষে বৃহস্পতিবার তার উভয় মামলার আগাম জামিনের আবেদনই নাকচ করে দেন হাইকোর্ট।

ডেস্ক রিপোর্ট 
























