আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা এবং অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বৃহস্পতিবার রাতে যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। তারা বলেন, গাজার অবরোধ ভাঙতে ফ্লোটিলাটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এবং এতে ৫০টিরও বেশি জাহাজ অংশগ্রহণ করে। বহরে ৪৪টিরও বেশি দেশের হাজারো নাগরিক অংশ নেন।
ইউটিএল নেতারা উল্লেখ করেন, গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী সহায়তাবাহী নৌবহরের ওপর আগ্রাসী হামলা চালায় এবং ৯টিরও বেশি জাহাজ জোরপূর্বক আটক করে। এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে তারা জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান, ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে এবং ফ্লোটিলার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলোর কাছে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ইউটিএল বাংলাদেশের সরকারের প্রতিও আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানায়। তারা নৌযানে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি লোরেনসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানান এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

