ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি নিজের ছবি বিকৃতি ও ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। সোমবার (৩ নভেম্বর) তিনি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

থানায় অভিযোগ দাখিলের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন সদস্য ওই শিক্ষিকার সঙ্গে উপস্থিত ছিলেন। মামলায় চারজনকে নামীয় আসামি এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

নামীয় আসামিরা হলেন— সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার (১ নম্বর আসামি), লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ (২ নম্বর আসামি), ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন (৩ নম্বর আসামি) এবং আশফাক হোসাইন ইভান (৪ নম্বর আসামি)।

এজাহারে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে শেহরীন আনিম ভূইয়া মোনামির ছবি বিকৃত করে আপত্তিকর ও অশালীনভাবে পোস্ট করেছেন এবং তাতে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এসব পোস্টের স্ক্রিনশট মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

অভিযোগে শেহরীন আনিম ভূইয়া মোনামি বলেন,

“ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে অশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত মামলা করতে বাধ্য হয়েছি।”

তিনি আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।