জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব-২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশে নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা।
তিনি আরও বলেন, “জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এর আগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাই ডকুমেন্টারি ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সেখানে বক্তব্যে জামায়াত আমির বলেন, সরকার সঠিক পথে না চললে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো পরিণতির মুখোমুখি হতে পারে। তার দাবি, দেশের সব রাজনৈতিক দল যদি জুলাইয়ের চেতনাকে ধারণ করত, তাহলে রাজনৈতিক অঙ্গনে এত মতপার্থক্য তৈরি হতো না।
স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে ধীরে ধীরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করলেও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ ও লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























