১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার জানান, লংমার্চে অংশ নেওয়া গাড়িবহরের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনগণের দুর্ভোগ দূর করার দাবিতে ১১ দলীয় ঐক্য নিয়মতান্ত্রিক ও গঠনমূলক কর্মসূচি হিসেবে এই লংমার্চ করছে। কর্মসূচিতে কোনো হামলা হলে তা জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লংমার্চে সরকারকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের সহিংসতা হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি।
শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে পথসভার মাধ্যমে লংমার্চ শুরু হবে। এরপর সকাল ৯টায় নারায়ণগঞ্জ, দুপুর ১২টায় কুমিল্লা, বিকেল ৩টায় ফেনীর মহিপাল এবং বিকেল ৫টায় চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
সবশেষ রাত ৯টায় চট্টগ্রামের লালদিঘি মাঠে পথসভার মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















