কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর প্রস্তুতি জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসবিএসকে জানান, হরমুজ প্রণালিতে সম্ভাব্য নৌ অভিযান পরিচালনার জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনায় একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল এবং রসদ সহায়তা জাহাজ রাখার কথা রয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার পরই হরমুজ প্রণালিতে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে সম্প্রতি সামরিক মহড়ার পরিধি কমানো এবং ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিবেদন অনুযায়ী, অভিযানের জন্য সম্ভাব্য ঘাঁটি ও পরিচালনাকেন্দ্র নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, এ ধরনের সেনা মোতায়েনের আগে জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন হবে।

ডেস্ক রিপোর্ট 





















