মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। ইরানে মার্কিন সামরিক অভিযান ও বিদেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের তীব্র সমালোচনা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রামিরেজ বলেন, নবদম্পতির নতুন জীবনের সূচনার আনন্দের দিনটি ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ফিলিস্তিন থেকে ইরান—সবখানেই মার্কিন বোমায় নিরীহ নারী ও শিশু নিহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রামিরেজের অভিযোগ, ট্রাম্প ও হেগসেথের কর্মকাণ্ডের দিকে কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না। তাদের জবাবদিহির আওতায় আনার জন্য কংগ্রেসকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাস করে যুদ্ধ ও সামরিক অভিযানের বিষয়ে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধারের দাবি জানান এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য।
তার ভাষ্য, এই ‘অশেষ যুদ্ধ’ বন্ধ করে বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

ডেস্ক রিপোর্ট 























