গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলায় দায়িত্ব পালন করবে বাহিনীটি।
বুধবার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচি যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই বিজিবি মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ আগস্ট পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।
জেলা প্রশাসনের দাবি, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

