রাজশাহী থেকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেস্কো)-র সদর দপ্তর অন্যত্র সরানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্প্রতি নেস্কোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় নেওয়ার আলোচনা চলার মধ্যেই এ মন্তব্য করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, কোনো ঠিকাদারের বক্তব্য বা চাপের কারণে রাজশাহীর কোনো প্রতিষ্ঠান অন্য কোথাও যাবে না। তিনি জোর দিয়ে বলেন, “এটি রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেস্কো কেন, কোনো প্রতিষ্ঠানই এখান থেকে সরানো হবে না।”
এ সময় তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার ভাষায়, নেস্কো ইস্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
রাজশাহীর প্রতি নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, “রাজশাহী আমার সবার আগে। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি বা মেয়রের পদ বড় নয়। এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে রাজশাহীর স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব। প্রয়োজনে এই অঞ্চলের জন্য জীবন উৎসর্গ করতেও তিনি প্রস্তুত বলে মন্তব্য করেন।

ডেস্ক রিপোর্ট 























