এবার নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন বলে জানা গেছে।
আজ বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে নোয়াখালীর জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে তারা ফিরছিলেন। এমন সময় পথে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের সাতজন নিহত হন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের চৌমুহনী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
এদিকে চৌমুহনী ফায়ার স্টেশন থেকে জানায়, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ৬টা ৫ মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















