বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। সেই বাংলাদেশ আবার ফিরে আসছে। এতে আমরা খুব আনন্দিত–এমনটাই বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। সেই বাংলাদেশ আবার ফিরে আসছে। এতে আমরা খুব আনন্দিত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের মন্তব্য আমাদের উপলব্ধি করিয়ে দেয় যে, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া।
ড. খলিলুর রহমান বলেন, শুরু থেকেই বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’। বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবার দায়িত্ব রয়েছে। জুলাই আন্দোলনের সাফল্য ধরে রাখার দায়িত্বও আমাদেরই।
তিনি আরও বলেন, গত বছরের আগস্টের শুরুতে বাংলাদেশের পরিস্থিতিতে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। সে সময় জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কর্মরত আমার সাবেক কয়েকজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করি। আমি মনে করেছিলাম, বাংলাদেশে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নীরব থাকা উচিত নয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিষয়টি তাদের কাছে তুলে ধরেছিলাম। পরে অন্তত কিছু ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হতে দেখা যায়। আমার ধারণা, দেশের পরিস্থিতি পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত করতেও আন্তর্জাতিক উদ্যোগের একটি ভূমিকা ছিল।

ডেস্ক রিপোর্ট 






















