কয়েক দফায় পদ্মা নদীর ভাঙনে অন্তত ১৫ বিঘা জমি হারিয়েছে সুমন আলীর পরিবার। গত সপ্তাহে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলদিওয়াড় গ্রামে তাদের আরও এক বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। পরিবারের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের এই ছাত্র।
শনিবার নদীতীরবর্তী ভাঙনকবলিত এলাকায় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মরিচা ইউনিয়নের ভূরকাপাড়ার বাসিন্দা সুমন আলী জানান, “পদ্মার ভাঙনে শত শত কৃষক জমি হারিয়েছেন, অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে মানুষের শেষ সম্বল। ভাঙন ঠেকাতে এখনই ব্যবস্থা না নিলে আরও অনেকের সর্বনাশ অনিবার্য।”

