বরগুনার আমতলীতে এক নজিরবিহীন ঘটনায় প্রকাশ্য দিবালোকে থানার ভেতর থেকে এতিমদের জন্য বরাদ্দকৃত ১,৫০০ কেজি জাটকা ইলিশ মাছ লুট হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় অসাধু জেলেরা সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার করছিলেন। বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে চারটি পরিবহন গাড়ি ভর্তি জাটকা জব্দ করে এবং মাছগুলো আমতলী থানায় সংরক্ষণে রাখে। বিকেলে এই মাছ স্থানীয় ৫০টি এতিমখানায় বিতরণের জন্য প্রস্তুতি চলছিল।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ দুই শতাধিক মানুষ থানার ভেতরে প্রবেশ করে জব্দকৃত মাছ লুট করে নিয়ে যায়। পুলিশ সদস্যদের সামনেই এমন ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে জাটকা ইলিশ লুট হয়েছে। এতিমদের জন্য বরাদ্দ মাছ সাধারণ মানুষ লুট করে নিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক ঘটনা।”
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “জব্দকৃত অর্ধেক মাছ সঠিকভাবে বিতরণ করা হয়েছে, তবে বাকি অংশ মানুষ নিয়ে গেছে। আমি ঠেকানোর চেষ্টা করেও পারিনি।”
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার বলেন, “আমি প্রশিক্ষণে ছিলাম। এতিমখানায় বিতরণের সময় হঠাৎ অজ্ঞাত শতাধিক লোক এসে মাছ লুট করে নিয়ে গেছে।”
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খাঁন দাবি করেন, “বিষয়টি আমার জানা নেই। থানা একটি সুরক্ষিত জায়গা, সেখান থেকে মাছ লুট হওয়ার প্রশ্নই আসে না। যদি লুট হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের গাফিলতিকেই এ ঘটনার জন্য দায়ী করছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

