ভোলায় নিজ বসতঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আমিনুল হক নোমানী ভোলা জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন। তিনি ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে নিহতের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী-সন্তান শ্বশুরবাড়ি চলে যান। এ সময় নোমানী একাই নিজের বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়িতে ফেরার পর রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. রাজন বলেন, “এশার নামাজ শেষে হুজুরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে ডাক-চিৎকার শুনি। ভেতরে ঢুকে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।”